আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সুনামগঞ্জের হাওর এলাকায় মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে। অন্যদিকে, এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। ফলে এক মণ ধান বিক্রি করে মাত্র এক কেজি বীজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। তবে এ বছর উৎপাদনের লক্ষমাত্রা ও কৃষকের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।

বিশ্বম্ভরপুর উপজেলার এক কৃষক জানান, গত বছর ৮ একর জমিতে ২৫০ মণ ধান পেলেও এবার উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। খরচ তুলতে গিয়েও কৃষকেরা বিপাকে পড়েছেন।

তাহিরপুর বাজারের এক বীজ ডিলার জানান, ধানের দাম কম থাকায় বোরো চাষে কৃষকের মধ্যে আগের মতো আগ্রহ নেই। সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, আগামী রোববার থেকে ১ হাজার ৪৪০ টাকা মণ দরে ৩ হাজার ৬৬৮ টন ধান সংগ্রহ করা হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, যে বীজে ফলন ভালো, তার দাম বেশি হয় এবং এগুলো বিদেশ থেকে আসে। তিনি আরও জানান, সব কৃষক এবার সরকারি প্রণোদনা পাবেন না।