আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, সিকদার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান আর অ্যান্ড আর অ্যাভিয়েশন লিমিটেডের আটটি উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ প্রদান করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদন অনুযায়ী, দুটি রবিনসন-৬৬, দুটি ইউরোকপ্টার-১৩০ বি-৪, একটি বেল-২৩০, একটি বেল-৪৩০, একটি হকার-৮০০এ এবং একটি পিয়াজিও-১৮০ আভান্তি-২ মডেলের উড়োজাহাজ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সব কটি উড়োজাহাজ ও হেলিকপ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে রয়েছে।

দুদক জানিয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দুদক জানায়, অভিযুক্ত ব্যক্তিরা উড়োজাহাজ ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এগুলো বিক্রি বা স্থানান্তর রোধে ক্রোকের আবেদন করা হয়েছিল।