বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রয়াত সালাহ উদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। জানাজা শেষে মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও স্পিকার।

পারিবারিক ও বিএনপি সূত্র জানায়, তার দ্বিতীয় জানাজা নয়া পল্টনে এবং তৃতীয় জানাজা শ্যামপুর লাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর জুরাইন গোরস্তানে দাফন করা হবে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।