প্রথম আলো জানিয়েছে, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শিগগিরই বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে এক দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাণিজ্যিক উৎপাদন শুরুর আগেই রূপপুরের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করবে।

খরচের হিসাব

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জমা দেওয়া হয়েছে। বর্তমান হিসাবে ইউনিটপ্রতি খরচ ১০ টাকার মতো (প্রতি ইউনিট ৮ সেন্টের কিছু বেশি)। ২০১৫ সালে চুক্তির সময় খরচ ৫ থেকে ৬ টাকা হিসাব করা হয়েছিল, তবে গত ১১ বছরে ডলারের দাম প্রায় ৮০ শতাংশ বেড়েছে।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্রটির ৬০ বছরের মেয়াদ ধরে খরচ হিসাব করতে বলা হয়েছে। খরচ যত কমানো যায়, পিডিবির সেটিই চিন্তা।

দাম কমানোর সুযোগ

বিশেষজ্ঞরা বলছেন, আয়ুষ্কাল, প্ল্যান্ট ফ্যাক্টর ও ডিসকাউন্ট রেট—এই তিনটি বিষয়ের ওপর মূল খরচ নির্ভর করে। রূপপুরের ক্ষেত্রে ৬০ বছরের সঙ্গে ২০ বছর বাড়িয়ে ৮০ বছর ধরার সুযোগ আছে। আন্তর্জাতিকভাবে প্ল্যান্ট ফ্যাক্টর ৯২ শতাংশ ধরা হয়। ডিসকাউন্ট রেট ৫ থেকে ৬ শতাংশ ধরলে খরচ কমে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সব মিলে রূপপুরের ক্ষেত্রে প্রতি ইউনিটে খরচ হতে পারে বড়জোর আট টাকা। তবে সরকার সহায়তা দিলে এটি ছয় থেকে সাত টাকার মধ্যে রাখা সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে বেশ কিছু প্যারামিটার এখনো চূড়ান্ত করা যায়নি। পিডিবি, এনপিসিবিএল ও পরমাণু শক্তি কমিশন আলোচনা করছে। দাম চূড়ান্ত করতে আরও সময় লাগবে।