ভারতের বিরোধীদলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ফোনে আড়ি পাতেন। দেশ রূপান্তরের খবর অনুযায়ী, শুক্রবার ইনস্টাগ্রামে অনুষ্ঠিত এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন হাতে তুলে ধরে রাহুল দাবি করেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’ তবে অনুষ্ঠানে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ
এই সময়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিতর্ক হলে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে আছেন এবং কে দেশবিরোধী তা পরিষ্কার হয়ে যাবে। গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো মোদিকে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগেও রাহুল পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর ও একাধিক রাজনীতিকের ফোনে নজরদারি চালানোর অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে, বিজেপি নেতারা এই চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, সংসদে গঠনমূলক বিতর্ক এড়িয়ে যাচ্ছেন রাহুল। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও প্রশ্ন তুলেছিলেন, সংসদ থাকা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান নির্ধারণ করতে বলছেন রাহুল।






