ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বুনো শূকর শিকারের জন্য তৈরি একটি বোমা মুখে দেওয়ার পর বিস্ফোরণে রাজেন্দ্র বারাউতিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনদোরি জেলার একটি এলাকায় আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় গ্রামের এক ব্যক্তি সেখানে একটি ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং আরেক ব্যক্তি সেটি রাজেন্দ্রকে খেতে দেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।
এতে গুরুতর আহত হন রাজেন্দ্র। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে বলেন, ওই এলাকার কিছু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বুনো শূকর শিকারে এ ধরনের বোমা ব্যবহার করেন, যা ময়দা বা আটার গোলার ভেতরে বারুদ ভরে তৈরি করা হয়।
বোমাগুলো দেখতে ভারতের জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া অপরাধমূলকভাবে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা রেখা সিং জানান, রাজেন্দ্রকে হত্যার উদ্দেশ্যে বোমাটি দেওয়া হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা মজার ছলে দেওয়া হয়েছিল, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





