ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ শহরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের উপর তারা বিক্ষোভ মিছিল করে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করে। এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শিশু পার্ক এলাকায় মিছিলটি শেষ হয়।
এরপর বেলা ১২টার দিকে জেলা কারাগারের সামনে থেকে বের হওয়া একটি মিছিল লঞ্চঘাট ব্রিজের উপরে এসে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যরা নির্বাক দাঁড়িয়ে থাকেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ (প্রশাসন ও অর্থ) ঢাকা পোস্টকে বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে, তবে আমাদের কাছে তথ্য নেই। পুলিশি টহল অব্যাহত আছে।
শহরের একাধিক স্থানে এমন মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।





