সমকালের খবর অনুযায়ী, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার শুরু হওয়া এই তিন দিনব্যাপী প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬, ২৩তম সোলার বাংলাদেশ ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ২০২৬।

আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।

নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ এবং আবাসন প্রকল্প তুলে ধরা হচ্ছে। এতে লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এস এস লিমিটেড, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ৪ নম্বর হলে রয়েছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।

বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ ও স্মার্ট লাইটিং প্রযুক্তি স্থান পেয়েছে। এতে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স, পিডিএল, ফকির টেকনোলজিস, ইউসিসি, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেড গ্রিন এনার্জি ও ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা ও স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

এদিকে একই সময়ে আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে রয়েছে মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রশংসাপত্র পাওয়া প্রকল্পের উপস্থাপনা।