নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউন নিশ্চিত করেছে। নিহত আনোয়ার সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা যান। ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে আত্মরক্ষা করেন।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, হাশেমবাগ এলাকায় একাধিক মাদকের আস্তানা রয়েছে এবং সেখানে আগে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়েছে। এই হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।






