প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অনলাইন প্রতারণা, জুয়া, মাদক, সোনা চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের মতো বিভিন্ন অপরাধে বিদেশি নাগরিকদের একটি অংশ জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত ২৬ মাসে বিভিন্ন দেশের ৬৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি নাগরিক ভারতের—৩৪৬ জন। এ ছাড়া মিয়ানমারের ৬২, তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪ ও চীনের ২২ জন রয়েছেন। পাশাপাশি ভিয়েতনাম ও নেপাল থেকে একজন করে এবং নাইজেরিয়া, সোমালিয়া ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশের ৮১ জন নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি স্কিম, স্ক্যাম সেন্টার পরিচালনা ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।
পুলিশের বিশেষ শাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য উল্লেখ করে প্রথম আলো জানায়, গত ২৬ মাসে বাংলাদেশে ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন বিদেশি নাগরিক এসেছেন। এর মধ্যে ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছেন। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় নাগরিক, যার সংখ্যা ২ হাজার ১৬৪। এরপরই চীনের ১ হাজার ৯৯৫ জন নাগরিক রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ প্রথম আলোকে জানান, বিদেশি একটি চক্র অতীতে কিছু বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে স্ক্যাম সেন্টার গড়ে তুলেছিল এবং এখন সেই চক্রের সহযোগিতায় বাংলাদেশেও স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারিতে রেখেছে।






