দেশ রূপান্তর সূত্রে জানা যায়, একদিনের সরকারি সফরে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি জেলাটিতে অবতরণ করেন।

সূত্র মতে, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।