দেশ রূপান্তর সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর নগরীর যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি টেকনিক্যাল লোক না হওয়ায় বর্তমানে বিষয়টি কতটুকু সম্ভব তা বলতে পারছেন না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়া নিয়ে আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, খুব প্রয়োজন হলে অবকাঠামো নির্মাণ করা হবে, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করা হবে না। বিশেষ করে রংপুরের মতো কৃষিপ্রধান অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

এর আগে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮১৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আয়তনের দিক থেকে রংপুর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রায় ২০৫ বর্গকিলোমিটার আয়তন এবং ৩৩টি ওয়ার্ডের এই নগরীতে প্রায় আট লাখ মানুষের বসবাস। এ ছাড়া রংপুর বিভাগের আটটি জেলার মানুষ চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রতিদিন এই শহরে আসেন। কিন্তু প্রধান সড়ক একটি হওয়ায় এবং ভারী যানবাহন চলাচল করায় নগরীতে তীব্র যানজট লেগেই থাকে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে রংপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

একই অধিবেশনে অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রবাসী কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট সুখবর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এশিয়ার একটি দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার ভেতরে রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত এই খরচটি মোটামুটিভাবে নিশ্চিত করতে সক্ষম হয়েছে।