ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্দোলনকারীদের দাবি, উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।’’
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।






