কক্সবাজারে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজনকে কেন্দ্র করে শতাধিক পুরোনো ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কেবল গাছের উপরিভাগ ছেঁটে দিয়েছে। সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে হোটেল শৈবাল সংলগ্ন সমুদ্রসৈকত ও ঝাউবনের ৩৫ একর এলাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। তবে ২০ বছরের পুরোনো গাছ কাটার বিষয়টি নিয়ে স্থানীয় ও পরিবেশকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ জানান, পরিবেশ ধ্বংস না করে বাণিজ্য মেলার মাঠ বা অন্য কোনো খোলা স্থানে এ আয়োজন করা যেত।

পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবির এক বিজ্ঞপ্তিতে দাবি করেন, উৎসব জোনে কোনো ঝাউগাছ কাটা হয়নি এবং পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিভিল অ্যাভিয়েশন বন বিভাগের সঙ্গে সমন্বয় করে এয়ার ফানেল রুটের গাছের উপরিভাগ ছোট করেছে। অসাধু একটি মহল এআই দিয়ে বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন সমকালকে জানান, বিমানের নিরাপত্তার স্বার্থে কিছু গাছের উপরিভাগ কাটা হলেও কোনো পূর্ণাঙ্গ গাছ কাটা হয়নি। অন্যদিকে, ঘটনাস্থলে গিয়ে চারটি স্তূপে প্রায় ৩০-৩৫টি কাটা গাছ পড়ে থাকতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের আঁধারে কিছু গাছ কেটে ইট দিয়ে ঢালাই দেওয়া ও গোড়া উপড়ে ফেলা হয়েছে।

দক্ষিণ বন বিভাগের টিমসহ ঘটনাস্থল পরিদর্শনের পর কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান সমকালকে বলেন, প্রাথমিক বিচারে আয়োজকদের গাছ কাটার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। বন বিভাগের পক্ষ থেকে কয়েকটি নষ্ট গাছ এবং সিভিল অ্যাভিয়েশন কিছু গাছের ওপরের অংশ কেটেছে। পরিস্থিতি নিয়মিত মনিটরিংয়ে রাখা হচ্ছে বলে তিনি জানান।