গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচ তলার একটি সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ঢাকা পোস্ট।
মৃত কয়েদির নাম মো. ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর থানা এলাকার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দুটি পৃথক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন জানান, রোববার যথাসময়ে কয়েদিদের গণনা শেষে সেলে লকার করা হয়। হিমেল ভবনের নিচ তলার সেলে টাঙ্গাইলের জোড়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরহাদ তার দুই কেস পার্টনারসহ বন্দি ছিলেন। গভীর রাতে সেলের জানালার সঙ্গে গামছা দিয়ে তাকে ফাঁস লাগানো দেখতে পান সঙ্গীরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল। তিনি টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। কয়েদি প্রায় এক বছর ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং একাধিকবার কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






