অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তিনি নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ।’ এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি জানিয়েছিলেন, সকাল থেকে তিনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

তিনি দাবি করেন, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল এবং এতে সফল না হয়ে শেষ পর্যন্ত অ্যাকাউন্টে হামলা করা হয়েছে।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর তিনি জানান, চার দিন ফেসবুকে না থাকায় তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি ১০ গুণ বেড়েছে। এছাড়াও অনলাইনের ‘গাঁজাখুরী প্রোপাগান্ডা’ না দেখা এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর অভ্যাস ফিরে পাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।