ইত্তেফাক-এর তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতকাজের জন্য সেতুটি দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
রোববার বিকেল থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলে সওজ সূত্রে জানা গেছে। সেতুটির দাউদকান্দির অংশে গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৫ সালে নির্মিত এই দুই লেনের সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সেতু বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক ও জনপথ বিভাগ (নারায়ণগঞ্জ) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানিয়েছেন, মঙ্গলবার প্রধান কার্যালয় থেকে একটি ভিজিটর টিম সেতু পরিদর্শন করার পর সংস্কারকাজের সময়সীমা সম্পর্কে জানা যাবে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বরও সেতুটি সংস্কারকাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।






