ইত্তেফাক জানিয়েছে, প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর থেকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও তাদের সাব-এজেন্টরা সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি অর্থ দাবি করছে।
সরকার মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করলেও দালালচক্র ও অসাধু সাব-এজেন্টরা কর্মীদের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর মালয়েশিয়ার কলিং ভিসার নামে ৮ লাখ টাকা দাবির বিরুদ্ধে তদন্তের আবেদন জমা দেওয়া হয়। আবেদনকারী সায়মন আহমদ লিমন অভিযোগ করেন, বনানীর ফায়াজ ইন্টারন্যাশনাল (আরএল-২৮২৪) রিক্রুটিং অ্যাজেন্সির মালিক রাকিব খান কলিং ভিসায় পাঠানোর জন্য ৮ লাখ টাকা দাবি করেন। তবে এজেন্সিটির মালিকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিচে কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা চাওয়া হচ্ছে। কিছু কর্মীকে ৫ থেকে ৬ লাখ টাকা খরচের কথাও বলা হচ্ছে।
এদিকে, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো দাবি করে, তারা সরকার নির্ধারিত ফি অনুযায়ী কর্মী পাঠাতে প্রস্তুত। তাদের মতে, মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই অভিবাসন খরচ বেড়ে যায়। আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক কর্মকর্তা জানান, গত সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।






