রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় ৬টি কোম্পানির অধীনে ৬টি রুটে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ইত্তেফাক জানিয়েছে। গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হলেও উদ্যোগের ১২ দিন পরও সড়কে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে আনার পরিকল্পনা রয়েছে। এর উদ্দেশ্য একই সড়কে অতিরিক্ত বাসের চাপ কমানো এবং যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা। তবে বাস্তবে পুরোনো বাসে নতুন কোম্পানির নাম ও পরিচয় যুক্ত করে চলাচল করা হচ্ছে। কার্যকর টিকিটব্যবস্থার অনুপস্থিতি এবং ওয়েবিল ব্যবস্থার কারণে আগের মতোই বিভিন্ন স্থানে থামিয়ে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।

ইত্তেফাককে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন বলেন, নতুন ব্যবস্থার বিষয়গুলো গুছিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তবে তারা আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে আরো ১১টি রুটকে এই রেশনালাইজেশন কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। অন্যদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ইত্তেফাককে জানান, পুরোনো বাস রং করে নতুন নামে চালালে সেবার মানে বড় পরিবর্তন আসবে না; শুরু থেকেই নতুন বাস নামানো উচিত ছিল।