আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

রোববার কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সংশ্লিষ্ট থানা ও উপজেলা শাখার নেতাকর্মী এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।