পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত হচ্ছে না। ঢাকা টাইমস-এর খবর অনুযায়ী, জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায়।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।
এছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে। টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
স্থানান্তরিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।






