প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম। এ বিষয়ে আগামীকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে কনসোর্টিয়ামটির ১৫ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
বেবিচকের তথ্যমতে, চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনাল চালুর পর যাত্রী ও কার্গো সেবা থেকে প্রাপ্ত মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বেবিচক। টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই হিস্যা বেড়ে ২৭ শতাংশ হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে এই টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। আগামী ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী ও কার্গো অপারেশন নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর দুই পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে টার্মিনালের সংশ্লিষ্ট এলাকাগুলো অপারেটিং কোম্পানির কাছে হস্তান্তর করা হবে।






