ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। রয়টার্স বার্তা সংস্থার খবরে জানা গেছে, ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন।
এফি ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি।
এর আগে, ইরানের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। তিনি জানান, ইরান পরিস্থিতি মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংকট মোকাবিলায় বিশেষ দলও গঠন করেছেন তিনি।
কুশনার ইরান ইস্যুতে ইউরোপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনেও কাজ করেছেন তিনি।
এদিকে, আমেরিকার নৌ অবরোধে ভীত নয় বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছে দেশটির সরকার।





