ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি হুমকি দিয়েছেন, তারা যেকোনো নতুন হামলার জন্য ‘অভাবনীয় জবাব’ দেবেন। তিনি বলেছেন, এই প্রতিক্রিয়ার কোনো ভৌগলিক সীমাবদ্ধতা থাকবে না এবং এই নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে তা তারাই ঠিক করবেন।
শনিবার (৩১ অক্টোবর) তার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের কাছে শত্রুদের হামলা করার অনেক ক্ষমতা আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের সম্মুখীন হবে এবং আমরা হব সেই পক্ষ যারা এই নতুন যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবেন।”
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে, যা হবে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র। মেজর জেনারেল আলি আব্দুল্লাহি বলেছেন, মার্কিনরা স্বল্প হামলা চালিয়ে থেমে যাবে না। আরেকবার যদি তাদের ওপর আঘাত হানা হয় তবে তারা নিজেদের ইচ্ছামতো পাল্টা হামলা চালাবেন।
তিনি আরও বলেছেন, তারা শত্রুর আগে হামলা চালানোর অপেক্ষা করবে না। যদি তারা কোনো শত্রুতাপূর্ণ গতিবিধি লক্ষ্য করেন, তবে তারা হামলার সময় ও পদ্ধতি ঠিক করবেন। তিনি জানিয়েছেন, ইরানি পর্যবেক্ষকরা মার্কিন ও ইসরায়েলের গতিবিধি সার্বক্ষণিক নজর রাখছেন এবং তাদের টার্গেট ঠিক করছেন। তিনি বলেন, জল, স্থল বা আকাশ যেখান দিয়েই হামলা হবে, সেদিক দিয়েই তারা তা প্রতিহত করবেন।





