মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি নিয়ে ইরানে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ভ্যান্স ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে এই চিঠি পাঠিয়েছিলেন। আগে শান্তি আলোচনায় তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চিঠিতে ভ্যান্স শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খবর অস্বীকার করেছেন, বলেছেন চিঠিটি কেবল চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে আলোচনার জন্য দেওয়া হয়েছিল।
আরাঘচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভ্যান্সের চিঠি নিয়ে ইরানের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি ওয়াশিংটনের উদ্দেশ্য হয় বিভেদ সৃষ্টি করা, তবে এটি তাদের ভুলগুলোর মতোই হবে। তিনি বলেছেন, আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেছেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে কাতারে আলোচনা চলছে।





