ইত্তেফাকের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে ওয়াশিংটনের। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না দাবি করে ‘কাল্পনিক আলোচনার খবর’ প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উল্লেখ করেছেন যে, সামরিক অভিযান বা নৌ অবরোধের মাধ্যমে এই যুদ্ধের অবসান সম্ভব নয় এবং যুক্তরাষ্ট্রকে তেহরানের শর্ত পূরণ করতে হবে। ইরানের সাত শর্তের মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা, জব্দ সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার, যুদ্ধ ক্ষতিপূরণ প্রদান এবং হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করা। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা বা আলোচনা শুরুর সুযোগ নেই বলে জানানো হয়েছে।
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা শেষ হয়ে গেছে। তবে আপাতত সংঘাত পুরোপুরি বন্ধ না করে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। এছাড়া সৌদির মদিনা অঞ্চলে তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটলেও পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।






