ঢাকা টাইমসের গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে গেছেন একজন মা। এ সময় তার কোলে থাকা ৪০ দিনের শিশুটি রাস্তায় পড়ে পেছন থেকে আসা একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত শিশুটির নাম রিফাত মিয়া। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।
ঢাকা টাইমসের খবর, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসাসেবা নেওয়ার পর তারা ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে কুরপালা এলাকায় পৌঁছালে শিশুটি নড়াচড়া করতে থাকে। সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন এবং একই সঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়।
পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস ঢাকা টাইমসকে বলেন, দুর্ঘটনার কবলে পড়া শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়। পরে পরিবার তার লাশ নিয়ে চলে যায়।






