বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি কোনো আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার আইনি সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ নভেম্বর) মামলার আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেন।

‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলার আদেশে গত ৯ নভেম্বর বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত উল্লেখ করেন, বিদেশি আদালতের পরোয়ানা জারির কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কাউকে গ্রেফতার কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তরের কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলম সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জেরাব এলএলসিতে কর্মরত থাকা অবস্থায় অর্থ আত্মসাতের অপরাধে জড়িত হন। পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন। দুবাইয়ের আদালতে বিচার শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়। তবে দণ্ডিত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রিট আবেদনকারী প্রতিষ্ঠানটি দাবি করেছিল, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোহাম্মদ আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে ইউএই-তে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি, আইনি বিধান বা কাঠামো নেই। তাছাড়া ইউএই সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি চ্যানেলে প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।

হাইকোর্ট রায় দিতে গিয়ে বলেন, কাউকে গ্রেফতার করা কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আইনের কর্তৃত্ব থাকতে হবে। বিদেশি আদালতের জারি করা কোনো পরোয়ানা শুধু জারির কারণেই বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরযোগ্য হয়ে যায় না। একইভাবে, তা কার্যকর করার জন্য দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতাও সৃষ্টি করে না।

আদালত আরও উল্লেখ করেন, বিদেশি কোনো ফৌজদারি কার্যক্রমে বেসরকারি কোনো পক্ষের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমে তারা বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তাদের কথিত নিষ্ক্রিয়তাকে সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে গণ্য করার সুযোগ নেই।

এসব পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্ট বলেন, বিবাদীদের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার ক্ষেত্রে রিট আবেদনকারী প্রয়োজনীয় আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে কোনো রুল জারি না করে রিট আবেদনটি নিষ্পত্তি করা হলো।