আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না। তিনি জানান, সরকার সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় একটি হোটেলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরও বলেন, রোগীদের সেবায় দেশের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও সীমিত জনবল নিয়েই তারা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য খাতে ইতোমধ্যে অগ্রগতি অর্জন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা দৃশ্যমানভাবে তুলে ধরা হবে। চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে।

আয়োজনে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।