একাত্তর টিভি অনুসারে, চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় প্রত্যেকটি ২০০ শয্যার হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। নির্মাণ শেষ হওয়ার পরও জনবল ও যন্ত্রপাতির অভাবে কিছু সময় অব্যবহৃত ছিল। এখন এই হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর রোগীর জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি হাসপাতালের জন্য মোট ১,৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এতে উপপরিচালক (৫টি), সহকারী পরিচালক (৫টি), সিনিয়র কনসালটেন্ট (১০০টি), জুনিয়র কনসালটেন্ট (২০০টি), আবাসিক চিকিৎসক (১০টি), আবাসিক সার্জন (১৫টি), মেডিকেল অফিসার (৩২৫টি), সহকারী ডেন্টাল সার্জন (১০টি), ইমার্জেন্সি মেডিকেল অফিসার (২০টি) ও অ্যানাস্থেসিয়া (২০টি) অন্তর্ভুক্ত।

নিয়োগ ও প্রস্তুতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তাকে পদায়ন করেছে। রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালের ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালের ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালের ডা. শওকত আলীকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ থাকবে। বড় পরিসরের ICU ইউনিটও থাকবে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের ছয়টি অব্যবহৃত শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন। একই বছর ৩১ অক্টোবর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী পাঁচটি হাসপাতাল একসঙ্গে উদ্বোধন করবেন; জনবল নিয়োগ ও সরঞ্জাম ক্রয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার/কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।