মোহাম্মদ ইকবালের 'গুলশানের চামেলি' সিনেমা দিয়ে প্রথমবার ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় সিনেমার মহরতে উপস্থিত ছিলেন তিনি। গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন সেদিন। তবে গত শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মধুমিতা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে এমন গুঞ্জন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

আজকের পত্রিকাকে মধুমিতা বলেন, 'ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।' সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলার একপর্যায়ে ক্ষুব্ধ হন অভিনেত্রী। তিনি বলেন, 'সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে।'

মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, 'একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।'

এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, 'আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।' গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা।

পাঁচ বছর আগে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল। নানা কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেনি। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, মিশা সওদাগর প্রমুখ। এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমায়।

কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল পূর্বঘোষিত সময় অনুযায়ী দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না রায়হান রাফীর 'আন্ধার'। নির্মাতা-প্রযোজকও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলছিলেন না। অবশেষে মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে আন্ধারের মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল আন্ধার টিম।

গত রোজার ঈদে মুক্তি পাওয়া 'দম' সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। এবার তাঁদের দেখা যাবে নির্মাতা ভিকি জাহেদের প্রথম সিনেমা 'খলনায়ক'-এ।

কোরবানির ঈদের পর দেশের হলে মুক্তি পেয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা। তবে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে একাধিক সিনেমা এসেছে হলগুলোতে। এই মাসে গত সপ্তাহ পর্যন্ত আলোর মুখ দেখেছে নতুন পাঁচটি সিনেমা। আজ সারা দেশের ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন আরও এক সিনেমা 'পোড়া প্রেম'।

দীর্ঘদিন নাটক নির্মাণ করছেন সৈয়দ শাকিল। বানিয়েছেন 'ছায়াবাজি' ও 'ইউএনও স্যার' নামের দুটি ওয়েব ফিল্ম। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের প্রথম সিনেমায় নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শরিফুল রাজের সঙ্গে ছবি শেয়ার করেছেন নির্মাতা সৈয়দ শাকিল।

Source: আজকের পত্রিকা, ২০২৬-১১-০১