একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, এবার বন্ড ও শেয়ার ছেড়ে রাষ্ট্রীয় ৬ ব্যাংকের ৬৮ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি কমাতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কমিটির বৈঠকে আলোচনা

সভার কার্যবিবরণীতে বলা হয়, ব্যাংকের ব্যালেন্স শিট ক্লিন করতে ডিসেম্বরের মধ্যে এক্সিট পলিসি দেওয়া হয়েছে। আর ঝুকিঁপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা আইন পাস হলে ১০ শতাংশের ওপরে খেলাপি ঋণ কিনে নেওয়ারও পরিকল্পনা আছে।

গত ০৪ অক্টোবর অনুষ্ঠিত অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ জানান, বন্ড ও শেয়ার ছেড়ে মূলধন পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সভার বিবরণী অনুযায়ী দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর সহায়তায় উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে গঠন করা হচ্ছে ব্যাংক রেজুলেশন তহবিল।

বিশেষজ্ঞদের মতামত

বিশ্লেষকরা মনে করেন, এমন উদ্যোগ প্রশংসনীয় হলেও বর্তমান প্রেক্ষাপটে তা বাস্তবায়ন সহজ হবে না। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বছরের পর বছর ধরে যে গভর্নেন্সে এফিউজ হয়েছিল, তার কারণে বড় এনপিএল দেখা যাচ্ছে। এখন সেইটার একই সূত্রে গাঁথা ক্যাপিটাল এডিকুয়েন্সি শর্টফল। এটাকে যেভাবেই হোক নিশ্চিত করতে হবে, নইলে ব্যাংকগুলোর টিকে থাকা বা অপারেট করার ভিত্তি থাকবে না।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঘাটতি আছে বলে টাকা দিয়ে দিলাম এমনটা অতীতেও বার বার করা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল আসেনি। রিফর্মভিত্তিক অর্থায়ন না হলে আগের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা বেশি। তিনি আরও বলেন, বিশ্বাসযোগ্য নিরীক্ষা দিয়ে রিফর্মের শুরুটা করতে হবে। আগে বুঝতে হবে আসলে খেলাপি ঋণ কত, মূলধন ঘাটতি কত।

ব্যাংক খাতের বর্তমান অবস্থা

সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৩টি তফশিলী ব্যাংকের মধ্যে ১২টির মূলধনই ঋণাত্মক। যার পেছনে বড় দায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। আর এই হার কমাতেও বিশেষ উদ্যোগের কথা বলা হয় ওই সভায়। সে অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশের মধ্যে থাকা খেলাপি ঋণ ১০ এর নিচে নামিয়ে আনা ও ২০ শতাংশের ওপরে থাকা খেলাপি ঋণ ২০ এর নিচে নামিয়ে আনার বিষয়ে জোর আলোচনা করা হয়।

এর আগে সংসদীয় স্থায়ী কমিটির ওই সভায় জানানো হয়, বর্তমানে ৫৮টি ব্যাংকের মধ্যে ৪১টি ব্যাংকের মূলধন ১০ শতাংশের ওপরে, পাঁচটির ১০ শতাংশের নিচে ও ১২টির ঋণাত্মক অবস্থায় আছে।