প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলতে তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। ব্যাংকিং খাতের পুনর্মূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত ও অর্থনৈতিক স্থিতিশীলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সরকার অংশীদারত্বের ভিত্তিতে বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায়।

নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ভালো হয়েছে এবং আগামী কয়েক মাসে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শর্ত ও মতপার্থক্য থাকলে তা ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও বহুপক্ষীয় সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হবে।