দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। একই সময়ে ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয় এবং ২০১৬ সালের ১৩ এপ্রিল ট্রাস্টের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।
তিনি জানান, ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ডসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।






