বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের গোপালগঞ্জে দুই দিনের সহিংসতার পর টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। এলাকাগুলোতে পুলিশ প্রশাসন অনেকটাই ভেঙ্গে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশের অবস্থান ও সড়ক অবরোধ
টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের এলাকা ছাড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হামলার আশঙ্কায় অধিকাংশ পুলিশ সদস্য থানা ছেড়ে জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন। বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রায় ৮/৯ কিলোমিটার সড়কজুড়ে গাছের গুড়ি ফেলে রাখার কারণে সকাল থেকেই টুঙ্গিপাড়া যাওয়ার সড়ক ছিল বন্ধ।
কাশিয়ানীতে হামলা ও ভাঙচুর
কাশিয়ানীতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত 'তাণ্ডব' চলেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপির কিছু কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। হামলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে লাঠি-সোটা, রামদা, ছুরিসহ দেশিয় বিভিন্ন অস্ত্রপাতি দেখা গেছে। এসময় পুলিশের একজন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় সাংবাদিকরা।
সরকারি কর্মকর্তাদের অবস্থান
সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলাগুলোর স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তাদের অধিকাংশই ফোন রিসিভ করেননি বা কেটে দিয়েছেন। কয়েকজন কর্মকর্তা বলেছেন তাদের জন্য 'কথা বলার মতো পরিস্থিতি নেই'।
নতুন বিক্ষোভের প্রস্তুতি
বুধবার সন্ধ্যা নাগাদ জেলা সদরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার সন্ধ্যায় জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যেই বৃহস্পতিবারের আওয়ামী লীগের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে।






