প্রথম আলোর প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়ন বা নতুন কোনো সমঝোতা না হলে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে পদ্মার পানি ভাগাভাগির ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।

নিবন্ধে উল্লেখ করা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ ও কনস্যুলার সংলাপ স্থগিতের ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও পানি চুক্তির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে আলাদা গুরুত্ব দেওয়া জরুরি। ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি কমিটি গঠন করে ও চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনার আহ্বান জানালেও ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

লেখক গোলাম রসুল লিখেছেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার পাশাপাশি ভারতের অববাহিকার রাজ্যগুলোর উদ্বেগও বিবেচনায় নিতে হবে। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা ন্যূনতম পানি পাওয়ার নিশ্চয়তাসহ যৌথ পর্যবেক্ষণ ও পলি ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ১২ ডিসেম্বরের আগেই সময়সীমাবদ্ধ অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।