ইত্তেফাক সূত্রে প্রকাশ, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলেছে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। চুক্তিটির মেয়াদ শেষ পর্যায়ে আসায় এর নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে ২২ নভেম্বর পর্যন্ত নতুন চুক্তির চূড়ান্ত শর্ত বা স্বাক্ষরের তারিখ নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি।

ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির গাণিতিক হিসাব বা নির্দিষ্ট বণ্টনসূত্র থাকলেও সার্বিক ও অবিচ্ছিন্ন ন্যূনতম পানিপ্রবাহের গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং নদীর নতুন বাস্তবতার আলোকে পুরোনো তথ্যের ভিত্তিতে তৈরি বণ্টনসূত্র পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ কেবল পুরোনো চুক্তি নবায়ন নয়, বরং গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তিতে আগ্রহী। উভয় দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও নদীর ন্যায্য হিস্যা, যৌথ ব্যবস্থাপনা এবং পরিবেশগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।