আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে গেছে।
ঘটনার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন। আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ফায়ার সার্ভিসকে জানায় এবং ঘটনাস্থলে যায়।
অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে যাননি, তারা প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন। তাঁদের সংশ্লিষ্টতার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। আলী হোসেন বলেন, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত আমরণ অনশন চলবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিন্টু কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন সাগর মৃত্যুবরণ করেন। পরে আন্দোলনকারীরা তাঁর স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।






