বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ফলে সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য বেহাত হয়েছে।
ইএসপিএন-এর বরাতে জানা যায়, ফিফার মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সংক্রান্ত কোনো তথ্য চুরি যায়নি। ফিফার নিজস্ব প্রযুক্তিগত ত্রুটির কারণে নয়, বরং হ্যাকাররা কর্মীদের সেজে এই হামলা চালিয়েছে।
ফিফার মুখপাত্র সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছেন এবং এই ঘটনাকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে।






