ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে তার নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে তার গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে ডিক্রি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারেন।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, প্রাথমিকভাবে জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






