প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বাহক পরিবহনের বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। আগের রাতে ট্রিপ শেষে বাসটি সেখানে রাখা ছিল।

ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী সিয়াম হাওলাদার (২৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা। ময়নাতদন্ত শেষে বুধবার রাতে তাঁর দাফন সম্পন্ন হয়।

পরিবারের শোক

সিয়ামের বাবা কবির হোসেন পণ্যবাহী জাহাজের লস্কর হিসেবে ভারতে অবস্থান করছেন। ছেলের মৃত্যুর খবর পেয়েও তিনি শেষবারের মতো সন্তানকে দেখতে পারেননি। সিয়ামের মা শামসুন্নাহার ২০২০ সালে ক্যানসারে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি ছোট ভাইয়ের পড়াশোনা ও সংসারের দায়িত্ব সামলাতেন।

সিয়ামের সৎমা শিল্পী আক্তার প্রথম আলোকে বলেন, 'আমার বাবা (ছেলে) ওই বাসে রাইতে ঘুমায়, এইডা সবাই জানে। অরা জাইন্যাই আমার বাবারে মারনের লাইগ্যা বাসে বোমা মারছে। এইডা হত্যা। আমরা এই হত্যার বিচার চাই।' সিয়ামের চাচা সোহেল হাওলাদার দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মামলা

ঘটনায় ভান্ডারিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি সন্ত্রাসবিরোধী আইনে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান প্রথম আলোকে বলেন, নিহত সিয়ামের মামা মো. ইউসুফ বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। অন্যটি পুলিশ বাদী হয়ে করেছে। বুধবার রাতে করা দুই মামলাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।