অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। রিকশায় যাওয়ার সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন লাগিয়েছে কে বা কারা তা তদন্ত করছে পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে জানিয়েছেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না, এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।

ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল হক। ইত্তেফাকের প্রতিবেদনেও তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির জানান, আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হয়েছে, তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।