ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ।
‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ এই অঙ্গীকারকে সামনে রেখে সরকার একটি উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে বলেন, নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে।






