ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন জায়গায় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রিয় টেলিভিশন জানিয়েছে, এই বিস্ফোরণগুলো হরমুজে ইরানি সেনাবাহিনীর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সামুদ্রিক রুটে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। বিস্ফোরণের পর আশঙ্কা করা হয়েছিল মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে, তবে ইরানি টিভি মিসাইল হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।

আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণটি মিসাইল হামলা সংশ্লিষ্ট নয়।

রোববার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজে অনুমোদনহীন রুট দিয়ে পাড়ি দেওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত করেছে এবং এগুলোতে আগুন ধরে যাওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলে শোনা বিস্ফোরণগুলো মাইন আঘাতকৃত ট্যাংকারগুলোর সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখান দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছে। ইরান এখন দাবি করছে, হরমুজে তাদের নির্ধারিত রুট দিয়ে জাহাজ চালাতে হবে। গত কয়েকদিনে যেসব জাহাজ ইরানের রুট দিয়ে চলেনি, সেগুলোর ওপর বিপ্লবী গার্ডের সেনারা হামলা চালিয়েছে।