ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শীতের আগমনীর সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকা ধুলার চাদরে ঢেকে গেছে। রাস্তায় চলাচলের সময় চোখ জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। রাস্তাঘাটের অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ি এবং সিটি করপোরেশনের কাজ অসমাপ্ত রেখে দেওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া বহুতল ভবন নির্মাণে বিধি না মানা, খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন এবং রাস্তায় পড়ে থাকা আবর্জনা দূষণ বাড়াচ্ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এল নিনোর প্রভাব, কম বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের মন্থর গতির কারণে বায়ুদূষণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে। পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, গাছ লাগানো, জলাধার রক্ষা এবং বর্জ্য পোড়ানো বন্ধে কিছু পদক্ষেপের কথা বলা হলেও মাঠপর্যায়ে এর সঠিক বাস্তবায়ন প্রয়োজন।
দূষণের কারণে শিশু ও বয়স্করা বেশি বিপাকে পড়েছেন। বাংলাদেশ শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন বড়দের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন এবং স্কুলগামী শিশুদের মাস্ক ব্যবহারের পাশাপাশি জনসমাগমপূর্ণ স্থানে শিশুদের না নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ময়লা ও বালু শুষে নেওয়ার জন্য বিদেশ থেকে ট্রাক আনার পরিকল্পনা ও টেন্ডার করা হয়েছে, এবং পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।






