ভারত থেকে চিহ্নিত ফেরারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে যশোরের শার্শা ও বেনাপোলসহ স্পর্শকাতর সীমান্ত এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট টিভি।
রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা যশোর, সাতক্ষীরা বা মেহেরপুর সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সীমান্তে সার্বিক নজরদারি বাড়াতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থার্মাল ড্রোন, নাইট ভিশন গগলস, সার্চ লাইট, সিসি ক্যামেরা, আধুনিক ডিজিটাল সরঞ্জাম ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় জনগণকেও সজাগ থাকার ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বিজিবির এই কর্মকর্তা।






