তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)। বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুরু হওয়া এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গবেষক ও জলবায়ু প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আজকের পত্রিকায় প্রকাশিত এক উপসম্পাদকীয়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক এ সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও প্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরেছেন।
বিশ্লেষণে উল্লেখ করা হয়, বাংলাদেশ অত্যন্ত নগণ্য পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বিশ্বব্যাংকের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে বছরে গড়ে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়। এছাড়া আগামী তিন দশকে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি ঋণের বদলে অনুদান হিসেবে আর্থিক সহায়তার দাবি জানাচ্ছে। সম্মেলন থেকে বাংলাদেশ আশা করছে, অভিযোজন তহবিলে অর্থায়ন বৃদ্ধি, ক্ষয়ক্ষতি তহবিল থেকে দ্রুত অর্থছাড় এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করা হবে।
বাংলাদেশ ইতিমধ্যে নিজস্ব হালনাগাদ ‘এনডিসি ৩.০’ জমা দিয়েছে, যাতে ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২০ দশমিক ৩১ শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ দশমিক ৩৯ শতাংশ নিজস্ব অর্থায়নে এবং বাকি ১৩ দশমিক ৯২ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১১৬ বিলিয়ন ডলার প্রয়োজন। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়, জলবায়ু সম্মেলনের সফলতা নির্ভর করছে কার্যকর বাস্তবায়ন ও দর-কষাকষির মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য হিস্যা আদায়ের ওপর।






