আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও এর আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি দাবি করেছেন, দূষণের কারণে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং কৃষি, মৎস্যসম্পদ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬০ অনুযায়ী আধা ঘণ্টার আলোচনায় কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য এসব অভিযোগ করেন। ১০ নভেম্বর গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন নিয়ে তাঁর প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে এই আলোচনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মনিরুল হক চৌধুরী বলেন, গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ইপিজেডের বর্জ্যের কারণে নোয়াখালী অঞ্চল পর্যন্ত পরিবেশের বিপর্যয় ঘটেছে বলেও দাবি করেন তিনি।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি জানিয়ে এমপি বলেন, ‘আমার কথা মিথ্যা হলে—আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন।’ তিনি অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি।

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গোমতী নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। মন্ত্রী জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার অন্তত ২০টি স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী আরও জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এ জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থবছরে প্রকল্প পাস করে ড্রেজিংয়ের মাধ্যমে ওই অঞ্চলের মানুষকে উপকারিতা দেওয়া সম্ভব হবে।