সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা গেছে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্ষমতার কারণে আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে দক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাব ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে এসব দাবি নিষ্পত্তি করা হয়েছে। এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; পলিসিধারীদের স্বার্থ এবং আইনি ও আর্থিক দায়বদ্ধতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।






