গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে বৈঠক করেছেন। প্রথম আলো ইংরেজির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলীয় কার্যালয়টি বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন। এরপর তারা সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে সভা করেন। সভা শেষে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান।
এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ সব বিষয়ে সতর্ক রয়েছে। আইনের বাইরে বা বেআইনি কোনো কাজ হলে পুলিশ আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই এলাকায় সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।






